সেবার নামে রোগীদের টর্চারসেল হিসেবে ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহের লাইসেন্সবিহীন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলো। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ময়মনসিংহে গড়ে উঠেছে ১৫টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র।
এর মধ্যে দীপ, প্রভাত ফেরী, প্রাপ্তি, ঠিকানা, সেতু ও সাঁকো -এই ৬টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র সরকারি নিয়ম-নীতি মেনে চলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের লাইসেন্স দিয়েছে।
আর সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে বাকি ৯টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র। অভিযোগ রয়েছে, এসব পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার নামে মাদকাসক্ত রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। রোগীদের রাতভর বেঁধে রেখে চালানো হয় নির্যাতন। ফলে, আরো অসুস্থ্য হয়ে পড়ছেন সেবা নিতে আসা রোগীরা।
পারাপার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান আমিনুল ইসলাম খোকন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালকদের জানিয়েই এসব কেন্দ্র পরিচালনা করছেন তারা।
সম্প্রতি, রোগী নির্যাতনের খবর পেয়ে লাইসেন্সবিহীন সাদ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র পরিদর্শণে যান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক। তিনি দুই দিনের মধ্যে রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দিলেও, এখনো চলছে প্রতিষ্ঠানটি।
তবে, লাইসেন্সবিহীন অন্যান্য কেন্দ্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিতোষ কুন্ড।