শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর শহরের ষাট কাকড়া গ্রামে বাঘের আক্রমণে শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাঈদ আহত হয়েছেন।
সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিযেছেন, বুধবার সকাল ১০টার দিকে গারো পাহাড় থেকে নেমে আসা একটি বাঘ ষাট কাকড়া গ্রামের একটি মেশিন ঘরে অবস্থান নেয়।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজন সেখানে যান। পরে পুলিশ নিয়ে পৌর মেয়র আবু সাইদও সেখানে যান। একপর্যায়ে লাঠি দিয়ে তিনি বাঘটিকে খোঁচা দিলে বাঘটি তাকে আক্রমণ করে। তার মাথার ডান পাশে এক অংশের মাংস কামড়ে নেয় বাঘটি। এ ছাড়া শরীরে বিভিন্ন অংশ আক্রমণ করেছে।
তিনি বলেন, আহত মেয়র আবু সাঈদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর জেলা হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মেয়র আহত হওয়ার পর গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান তিনি।