গোপালগঞ্জের ভাটিয়াপাড়া-টুঙ্গিপাড়া রেললাইন স্থাপনে কাশিয়ানী উপজেলার কাড়াগাতি মৌজার জমির ক্ষতিগ্রস্ত মালিক এখনো তাদের ক্ষতিপূরণ বুঝে পাননি।
ক্ষতিপূরণ আদায়ে দাবিতে জমির মালিকদের বাধার মুখে এখন বন্ধ রয়েছে রেললাইন স্থাপনের কাজ।
এদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কিবরিয়া জানিয়েছেন, মালিকানা সংক্রান্ত জটিলতার কারণেই ক্ষতিপূরণ দেয়া সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, মালিকানার উপযুক্ত প্রমাণ উপস্থাপন করলেই জমির ক্ষতিগ্রস্ত মালিকরা তাদের ক্ষতিপূরণ পাবেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের কাজ শুরু করেছে রেলওয়ে। অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্তহ মালিকদের ক্ষতিপূরণ দিয়ে কাজ শুরু করার কথা। তবে কাড়াগাতি মৌজার বেশ কিছু জমির মালিকদের পুনর্বাসনের ব্যবস্থা না করে রেললাইন তৈরির কাজ শুরু করা হয়েছে।
ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা জমির মালিকরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানিয়েছেন—তাদের বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ঠিকাদাররা।