দিনাজপুর সদর উপজেলায় শনিবার বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বাস যাত্রী।
নিহতরা হলেন: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড়বাউল এলাকার প্রয়াত অবিনাশ চন্দ্র রায়ের ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক দ্বিনেশ চন্দ্র রায় (৬৫) ও তার স্ত্রী শ্যামলতা রায় (৬০)।
প্রত্যক্ষদর্শীরা উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলা ১২টার দিকে লক্ষ্মীতলা এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে আরোহী স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনার পর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।