কুমিল্লার চৌদ্দগ্রাম ও মুন্সীগঞ্জের গজারিয়া রোববার সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন।
চৌদ্দগ্রামে চট্টগ্রামগামী একটি বাস উল্টে তিনজনের মৃত্যু ও এঘটনায় কমপক্ষে আহত হয়েছেন নয়জন।
চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, রোববার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খায় এবং উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
নিহতদের মধ্যে চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকার মনুজা খাতুন, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ফারুক আহমেদের নাম জানা গেছে।
আহতদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন ঢাকার রিয়াজ আহমেদ (২৬) ও রানা (২২), চৌদ্দগ্রামের আলেয়া বেগম (৪০), সিরাজগঞ্জের মাসুম (২৫), গাইবান্ধার মনি (২২), চট্টগ্রামের বেলুবা বেগম (৬০) ।
আহত অন্য তিনজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় রোববার ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ( প্রাইভেট কার) নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার পর ঘটনাস্থলে একই পরিবারে দুই জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, রতন চন্দ্র দাস (২৮) ও কাজল রানী দাস (১৭)। আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লার দাউদকান্দি যাওয়ার পথে রোববার বেলা পৌনে ১১টার দিকে একটি প্রাইভেটকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় দুইজন।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: