সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার থেকে খুলনায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে চিকিৎসকরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। শুধুমাত্র জরুরি বিভাগে মুমূর্ষু রোগীদের সেবা দেয়া হচ্ছে।
চিকিৎসকদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসককে লাঞ্ছিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ও তার লোকজন।
হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে এর আগে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করায় শনিবার থেকে ৪৮ ঘন্টার কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখা।