ব্লু ইকোনমির মাধ্যমে সরকার সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে তিনটি নতুন জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সারাবিশ্বের নজর এখন সমুদ্রসম্পদের দিকে—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাহাজ তিনটির অপারেশনের কাজ শুরু হলে দেশের সমুদ্র সীমার নিরাপত্তার পাশাপাশি ব্লু -ইকোনমিতে অবদানসহ বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কমিশনিং অনুষ্ঠান উপলক্ষে প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে সন্ত্রাস দমনে নৌবাহিনীর সক্ষমতার ওপর একটি বিশেষ নৌমহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে সমুদ্রবাণিজ্যের পাশাপাশি খনিজ সম্পদ আহরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১১ টায় চট্টগ্রামের নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল।
এরপর শেখ হাসিনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’, ‘বানৌজা স্বাধীনতা’ ও ‘বানৌজা প্রত্যয়’র নামফলক উন্মোচন ও জাহাজ তিনটির অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন।
পরে নৌবাহিনীর উদ্দেশে দেয়া বক্তব্যে জাতীয় জীবনে সীমিত স্থল সম্পদের চেয়ে বিপুল সমুদ্র সম্পদের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।