চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে সোহেল আহমেদ নামের একজন ছাত্র মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালে ছাত্রদের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারপরও বিদায়ী অনুষ্ঠানের মহড়া চলছিল।
পরে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে আচমকা ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া কক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ৪ জন গুরুতর আহত হন।
এর মধ্যে সোহেল আহমেদকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক বলেন, সোহেলকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এছাড়া আহত অবস্থায় ভর্তি আছেন নোটন শীল, মো. আহাদ ও মো. ইমতিয়াজ নামে আরো ৩ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী সাংবাদিকদের বলেন, ছাত্রদের দুই গ্রুপের রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নগরের প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে রেখেছেন। তারা সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাংচুর চালায়।
এছাড়া ষোলোশহর ২ নম্বর গেট মোড় ও লালখান বাজার এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে এসব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।