নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ি ফেরার পথে গতকাল ফারুক নামে এক মোটরসাইকেল মেরামতকারীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১ টার দিকে ফারুক তার আরেক ভাই মিলনকে সঙ্গে নিয়ে চৌমুহনী পূর্ব বাজার থেকে নিজের মোটরসাইকেল ওয়াকর্শপে কাজ শেষে শরীফপুরে বাড়ি ফিরছিলেন। পথে কামাল চেয়ারম্যানের বাড়ির কাছে পুলের পাশে পূর্ব থেকে সেখানে ওঁৎপেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল ফোন সেট ও পকেটে থাকা টাকা নেয়।
পরে তারা ফারুকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়।
এ সময় ফারুকের সঙ্গে তার ভাই মিলন আহত হন। খবর পেয়ে ফারুকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেননি পুলিশ।