চিকিৎসক ও লোকবল সংকটে বেহাল দশা কুড়িগ্রাম সদর হাসপাতালের। বড় ধরনের চিকিৎসা পেতে জেলার ২২ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল সেটি। তবে ৪২ জনের বদলে সেখানে কাজ করছেন মাত্র ১৬ জন চিকিৎসক। আরও রয়েছে নার্স ও কর্মচারী সংকট।
এ অবস্থায় হাসপাতালের প্রায় এক হাজার রোগীকে দৈনিক চিকিৎসা দিতে নাজেহাল অবস্থা তাদের। কাঙ্খিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন রোগীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জটিল কোনো রোগের চিকিৎসা নিতে কুড়িগ্রাম সদর হাসপাতালে আসেন ৯ উপজেলার মানুষ। প্রতিদিন বহির্বিভাগে ৫ শতাধিক, জরুরি বিভাগে দেড় শতাধিক আর আন্তঃবিভাগে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন এখানে।
তবে ১০০ শয্যার এ হাসপাতালে দীর্ঘদিন ধরেই রয়েছে লোকবল সংকট। ৪২ জন চিকিৎসকের বিপরীতে ১৬ জন এবং ৪০ জন নার্সের বদলে এখানে সেবা দিচ্ছেন ৩১ জন। এছাড়াও তৃতীয় শ্রেণীর ২৮টি পদে ১৩ জন ও চতুর্থ শ্রেণীর ২৮ পদে কাজ করছেন মাত্র ১৫ জন কর্মচারি।
এ অবস্থায় কাঙ্খিত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এমনকি দীর্ঘদিন ধরে এনেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় প্রসুতি মায়েরাও পাচ্ছেন না পর্যাপ্ত সেবা।
এদিকে, রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে চিকিৎসকসহ শুন্য পদগুলোতে নিয়োগ না দিলে হাসপাতালের চিকিৎসাব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।