দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এরজন্য বেসরকারি বন্দর অপারেটর প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি বন্দর অপারেটর প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা।
আমদানি-রপ্তানি ব্যবসার জন্য ১৯৮৫-৮৬ অর্থবছরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে কাস্টমস স্টেশন স্থাপন করা হয়। ১৯৯৬ সালে হিলিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ২০০৫ সালে হিলি স্থলবন্দর বেসরকারি কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালে পানামা পোর্ট লিংক লিমিটেড হিলি স্থলবন্দর ২৫ বছরের জন্য লিজ নেয়।
ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য একসময় হিলি স্থলবন্দরকে সম্ভাবনাময় বিবেচনা করা হলেও দিন দিন এ বন্দর দিয়ে কমছে আমদানি-রপ্তানি। ২০১৩-১৪ অর্থবছরে যেখানে বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১৭১ কোটি ৯৩ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫৬ কোটি ৮৮ লাখ টাকায়।
চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা আরো কমে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫০ লাখ টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর পরিচালনাকরী প্রতিষ্ঠানের নানা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েই বন্দর ব্যবহারে করছেন না তারা।