সড়ক-রেলপথ তিনদিন অবরোধের পর সরকারের সঙ্গে বৈঠক করে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৭টি পাটকলের শ্রমিকরা।
বুধবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা।
পরে পাট প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে বকেয়া সব মজুরি পরিশোধ করা হবে। আর অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করা হবে পর্যায়ক্রমে।
ভোর ৬টা থেকে বকেয়া মজুরিসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে খুলনা নগরীর খালিশপুর থানার নতুন রাস্তার মোড়ে সড়ক ও রেলপথে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা। এতে খুলনা নগরীতে যানাবাহন চলাচল ব্যবহত হওয়ার পাশাপাশি খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।
পাটকলের জন্য এক হাজার কোট টাকা বরাদ্দ দেয়ার সরকারি ঘোষণা আসলেও শ্রমিক নেতাদের অভিযোগ, এর আগেও এ ধরনের বরাদ্দের ঘোষাণা দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
গত ৪ এপ্রিল বকেয়া মজুরী পরিশোধের দাবিতে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয় সিবিএ নন ও সিবিএ ঐক্য পরিষদ। ধর্মঘটের পরের দিন ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল তিন দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।