ঢাকার অদূরে সাভারে বৃহস্পতিবার একটি ফিলিং স্টেশন থেকে সিএনজিচালিত প্রাইভেটকারে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হয়েছেন চারজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডেলটা ফিলিং স্টেশন থেকে বিকেল ৪টার দিকে একটি প্রাইভেটকার সিএনজি গ্যাস নিচ্ছিল। হঠাৎ বিস্ফোরণে গাড়িটি লন্ডভন্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফিলিং স্টেশনের নজেল অপারেটর শামীম হোসেনের মৃত্যু হয়। তার বাড়ি মানিকগঞ্জের বেতিলায়। আহত অবস্থায় পাঁচজনকে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা গাড়িটির মালিক ও চালক সজলকে মৃত ঘোষণা করেন। সজলের বাড়ি আশুলিয়ার চাকলগ্রামে।
আহত ব্যক্তিদের মধ্যে নয়ন আলী বাসের সহকারী। তিনি ওই ফিলিং স্টেশনে বাস রেখে অন্যত্র যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। আর আশুলিয়ার বাগধনিয়ার আমানত শাহ ফিলিং স্টেশনের একজন নজেল অপারেটর।
তারা দুজনই বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনায় আহত ওই ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী রজব আলী ও শাহ আলম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ডেলটা পাম্পের মালিক এ কে এম আলমগীর খান বলেন, তার গ্যাস পাম্পের কোনো ত্রুটি ছিল না— ত্রুটিপূর্ণ সিলিন্ডারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।