মাদারীপুর জেলার মোস্তফাপুরে শুক্রবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন।
দুই পক্ষের আহতরা হলো: বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) ও সাইফুল ইসলাম (৩১)। আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী কুদ্দুস মল্লিক নৌকা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খানের নিকট ৩৫০ ভোটে পরাজিত হন।
তবে এ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সোহরাব খান আওয়ামী লীগের প্রার্থী কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জাল ভোট দিয়ে জয়ী হওয়ার অভিযোগ এনে নির্বাচনের দিন বিকেল থেকেই কোন্দলে জড়িয়ে আছে।
সেই কোন্দলের জের ধরেই শুক্রবার দুপুরে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন। এতে প্রায় ৩০টি বাড়ি-ঘর ভাঙচুরও করা হয়।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, পরিস্থিতি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।