চট্টগ্রামে বুধবারের ভূমিকম্পে হেলে পড়া ৯টি ভবনের ব্যাপারে আগামীকাল (রোববার) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এখনো অধিকাংশ বাসিন্দা এখনো ঝুঁকি নিয়েই ভবনেগুলোতে বসবাস করছেন অনেকে।
বন্দরনগরীর প্রায় ৯৫% ভবনই নিয়মবহির্ভূতভাবে নির্মিত হওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এদিকে, বুধবারের আগেই বন্দরনগরীতে ঝুঁকিপূর্ণ ভবন সনাক্তের কাজে নামে চউক।
বিল্ডিং কোড না মেনেই অধিকাংশ ভবন তৈরি হয়েছে উল্লেখ করে চউকের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নগরীর ভবনগুলোর একটি ডাটাবেজ তৈরি করছেন। এর ফলে ঝুঁকিপূর্ণ ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হবে।
বুধবারের ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়া ৯টি ভবন এরইমধ্যে পরিদর্শন করেছে সিডিএর তদন্ত দল। তবে ভবনগুলো ভাঙা হবে কি-না সেব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রোববার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চউক কর্মকর্তারা।