বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের একটি ইটভাটা থেকে শিশুসহ ইটভাটার ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। ভালো বেতনের প্রলোভন দেখিয়ে তাদের কাজে এনে দিনের পর দিন আটকে রাখা হয়, চলে নির্মম নির্যাতন। উদ্ধারকৃতদের সবার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বরিশালের বানারীপাড়া উপজেলা প্রত্যন্ত গ্রাম বাইশারী। অভিযোগ রয়েছে, এখানে একটি ইটভাটায় কাজের জন্য ভালো বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে শ্রমিক আনা হয়।
তবে তাদের বেতন না দিয়ে, দিনের পর দিন আটকে রেখে কাজ করানো হয়। প্রতিবাদ করলে চালানো হয় নির্যাতন।
সাংবাদিকদের মাধ্যমে খবরটি পেয়ে গত ১১ এপ্রিল ইটভাটাটিতে অভিযান চালায় র্যাব-৮ এর একটি দল। সেখান থেকে তারা শিশুসহ ১৩ শ্রমিককে উদ্ধার করেন। উদ্ধার হওয়া প্রত্যেকের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। তাদের মুখে উঠে আসে ইটভাটার বন্দী জীবণের দুর্দশার কথা।
বরিশাল র্যাব-৮ উপ অধিনায়ক মেজর আদনান কবির বলেন, এ ঘটনায় ইট ভাটার সাইট ম্যানেজারসহ দুই জনকে আটক করে বানানীপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে অন্যান্য ইটভাটাতেও অভিযান চালানো হবে।