কুষ্টিয়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার আমিরুল ইসলাম (৪২) নামের একজন মারা গেছেন।
জানা গেছে, নিহত আমিরুল ডাকাত দলের সদস্য ও চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন। আমিরুলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোররাতে কুষ্টিয়া শহরের মণ্ডল ফিলিং স্টেশনের কাছে একদল দুর্বৃত্ত কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে ডিবির একটি দল দ্রুত সেখানে যায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়।
একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে সড়কের নিচে হাউজিং মাঠে গুলিবিদ্ধ আমিরুলকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আমিরুলকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি দেশিয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।