সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বনবিভাগ। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
তবে কোথাও কোথাও এখনো ধোঁয়া দেখা যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। দুপুর নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।
বুধবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুন লাগে। স্থানীয় দুর্বৃত্তরাই এ আগুনের জন্য দায়ি বলে দাবি করেছে বনবিভাগ।
গত ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তকে আসামী করে বনবিভাগ আলাদা দুটি মামলা করে। ওই মামলার আসামীরা বনবিভাগের ওপর ক্ষুদ্ধ হয়ে এ আগুন ধরিয়ে দিতে পারে বলে মনে করছে বনবিভাগ।
এ ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।