টানা কয়েকদিনে সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের সঙ্গে জেলার সদর ও শিশু হাসপাতাল, তালা, আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ ও শ্যামনগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগী ভর্তির সংখ্যাও।
বিশেষ করে শিশু ব্রঙ্কাইটিস, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে নবজাতক থেকে শুরু করে দুই বছরের শিশুর সংখ্যাই বেশি।
সদর হাসপাতালে ১০ বেডের শিশু বিভাগে স্বাভাবিক সময় যেখানে ৪০ থেকে ৫০ জন ভর্তি থাকে সেখানে শতাধিক শিশু ভর্তি রয়েছে। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের।
অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।
ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. সামছুর রহমান।