ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়া ৯টি ভবনের কয়েকটির ফ্লোর ভেঙে ফেলার পরামর্শ দিয়েছে সিডিএ গঠিত বিশেষজ্ঞ কমিটি।
এছাড়া আপাতত ঝুঁকিপূর্ণ ভবন থেকে মানুষদের সরিয়ে নিয়ে ভিত্তি প্রস্তুর আরো মজবুত করার পরামর্শ দেয়া হয়েছে।
পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে তাদের দেয়া প্রতিবেদনে এই পরামর্শ দিয়েছে।
গত ১৩ এপ্রিলের ভূমিকম্পে চট্টগ্রামে ৯টি ভবন হেলে পড়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের ৩ জন ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২ বিশেষজ্ঞকে নিয়ে মোট ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।
কমিটি হেলেপড়া ভবনগুলো কয়েকবার পরিদর্শন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে তাদের প্রতিবেদন পেশ করে।
প্রতিবেদনে কম উঁচু ও বেশি উঁচু ভবনগুলোর ব্যাপারে আলাদা আলাদা করে পরামর্শ দেয়া হয়েছে।
কোনো কোনো ভবনের উপরের অংশ ভেঙে ফেলতে আর কোনো কোনো ভবনের ভিত্তি আরো মজবুত করতে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান সিডিএর নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞ কমিটির সদস্য শাহীনুর রহমান খান।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ভবনগুলোতে অনেক ধরণের সমস্যা রয়েছে। অনেক ভবন নকশা ছাড়া, সাধারণ রাজমিস্ত্রি দিয়ে নির্মাণ করা।
এসব ভবনের বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিলেও ভবন মালিকরা উদ্যোগী না হলে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন কমিটি প্রধান চুয়েটের সদ্য বিদায় ভিসি ও বিশেষজ্ঞ কমিটির প্রধান ড. জাহাঙ্গীর আলম।