লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রামকৃষ্ণ এলাকার একটি বেকারি কারখানা থেকে ১৩ বছরের শিশুশ্রমিক আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে আলাউদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় বেকারির মালিকসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১৩ বছরের ওই শিশু আলাউদ্দিন গত ছয় মাস ধরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণ এলাকার আনন্দময় বেকারীতে কাজ করতো। সোমবার সকালে বেকারীর তালা ভেঙে আলাউদ্দিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আলাউদ্দিনকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। বেকারীতে কাজ করার সময় প্রায়ই আলাউদ্দিনকে নির্যাতন করা হতো বলে অভিযোগ তার। রোববার বেকারীর শ্রমিক ইব্রাহীম প্রকাশ শাজাহান, মালিককে মোবাইলে জানান আলাউদ্দিন আত্মহত্যা করেছে। এরপর থেকেই পলাতক শাজাহানসহ বেকারীর তিন শ্রমিক।
মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। আলাউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেকারির মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।