লক্ষ্মীপুরে নয় মামলার এক আসামি বুধবার পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
ঢাকা থেকে আটকের কয়েক ঘণ্টার মধ্যে ইউসুফ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ।
ইউসুফ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাছারিবাড়ী এলাকার আলী আকবরের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, বুধবার ভোরে পূর্ব বশিকপুর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ইউসুফ স্থানীয় সন্ত্রাসী দল লাদেন-মাসুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে নয়টি মামলা রয়েছে।
ওসি বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ঢাকার বংশাল থেকে ইউসুফকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে তাকে নিয়ে বশিকপুরে যায় ‘অস্ত্র উদ্ধার’ করতে যায়। সেখানে মোল্লাবাড়ির সামনে ওঁত পেতে থাকা ইউসুফের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইউসুফ গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে।