ফাঁসির দণ্ড কার্যকর হওয়া মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়তে গিয়ে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে হয়েছে।
এতে আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম কলেজের পশ্চিম ফটক এলাকায় জামাত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা চন্দনপুরা সড়কে জোহোরের নামাজ ও নিজামীর গায়েবানা জানাজার জন্য জড়ো হয়।
এ সময় পশ্চিম গেইটে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর জানাজা প্রতিহত ও মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের কর্মীরা।
এদিকে, উত্তেজনা তৈরি হওয়ায় কলেজের পশ্চিম ও পূর্ব ফটক বন্ধ করে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ত্রিপক্ষীয় এ সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।
গায়োবানা জানাজা শেষে শিবিরের কিছু নেতাকর্মী কলেজ সংলগ্ন প্যারেড মাঠে ঢুকে পশ্চিম ফটকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
ওই ফটক ভেঙে তারা কলেজ চত্বরে চারটি মোটরসাইকেল ভাংচুর করে যার তিনটি শিক্ষকদের এবং একটি পুলিশের।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা কিছুটা পিছু হটে— পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে সংগঠিত হয়ে শিবির কর্মীদের ধাওয়া দেয় ছাত্রলীগ।
ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে প্যারেড মাঠে অবস্থান নেয় জামাত-শিবির কর্মীরা।
জামাতের চট্টগ্রাম মহানগরের আমির আ ন ম শামসুল ইসলামের ইমামতিতে দ্বিতীয় দফা গায়েবানা জানাজা পড়েন দলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা চলে যান।
একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে জামাতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মঙ্গলবার রাতে। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবারের হরতালের ডাক দেয়।