সাভারের হেমায়েতপুরের প্রান্ত ডেইরিফার্মের একটি রুম থেকে শনিবার সহোদরসহ ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন: নীলফামারী জেলার জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬), অপরজন করকমা মিয়ার ছেলে ভজে (১৪)।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন ওই নিহত ৩ যুবকের বাবা ও মা। কাজ শেষে ৩ যুবক ফার্মের একটি রুমের জানালা খুলে রাতে ঘুমান। সকালে তাদের বাবা মা ডাকাডাকি করলে কোনো শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে ৩ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, স্থানীয়রা দাবি করেছেন গতকাল রাতে ওই ডেইরিফার্মে ওই ৩ যুবক বজ্রপাতে মারা গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।