সরকার পতনে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদে'র এজেন্টের সঙ্গে বৈঠকের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর পূর্বাচল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, দুপুরে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে—উল্লেখ করে তাকে পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।
সিএমপি কমিশনার বলেন, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশের প্রতিটি সড়ক, নৌ ও বিমানবন্দর পয়েন্টে চিঠি পাঠানো হয়েছে। আসলাম চৌধুরীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে—পেলেই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি নয়াদিল্লিতে গিয়ে আসলাম চৌধুরী ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের সূত্র ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যোগাযোগের অভিযোগ ওঠে।