মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে খুলনা বিভাগের ১০টি জেলা বরিশাল, ফরিদপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২টি জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মনিরসহ ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় হাইকোর্টে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা এবং গ্রীন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছে তারা।
এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত চলবে।
ভোর ছয়টা থেকে খুলনা বিভাগের ১০টি জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে খুলনায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক, লরিসহ সব বন্ধ রয়েছে ধরনের যান চলাচল । এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
যশোরেও যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের কয়েক হাজার মানুষ। পণ্য বোঝাই ট্রাক, লরিসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় কাঁচামাল ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।
ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা, মাগুরা, গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কোনো ধরনের পরিবহন যান চলাচল করছে না। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে টানা কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।