খুলনা বিভাগের ১০টি জেলা এবং বরিশাল ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ১২টি জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৬টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রোববার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু করে।
এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ধর্মঘটের কারণে খুলনায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক, লরিসহ সব ধরণের যান চলাচল বন্ধ থাকে। ধর্মঘটে দুর্ভোগে পড়েন এ অঞ্চলের কয়েক হাজার মানুষ।
এছাড়াও পণ্য বোঝাই ট্রাক, লরিসহ সব ধরণের যান চলাচল বন্ধ থাকায় কাঁচামাল ব্যাবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থল বন্দর থেকেও পণ্য খালাস করা বন্ধ হয়ে যায়। এতে, বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়।
সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাগুরা, গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে রোববার এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।