কুষ্টিয়া সদর উপজেলার শিশিরপাড়া মাঠের কাছে শুক্রবার মীর সানাউর রহমান নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় চিকিৎসকের সঙ্গে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকেও কুপিয়ে আহত করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিনা মূল্যে চিকিৎসা দেয়ার জন্য মোটরসাইকেলে করে সানাউর ও সাইফুজ্জামান শিশিরপাড়া মাঠের কাছে সানাউরের বাংলো বাড়িতে যাচ্ছিলেন। তারা ওই বাড়ির কাছাকাছি পৌঁছালে সকাল নয়টার দিকে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি তাদের পেছন থেকে কুপিয়ে জখম করে। সানাউর ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো বলেন, আশঙ্কাজনক অবস্থায় এই শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে সানাউরকে হত্যা করা হতে পারে। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন রয়েছে। শিক্ষকের মাথার পেছনেও কোপ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তের অস্ত্রের কোপে ছিন্ন হয়ে যাওয়া শিক্ষকের হাতের দুটি আঙুলও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।