চট্টগ্রামে জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে রোববার গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাতটার দিকে মাহমুদা ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যান। ছেলেকে নিয়ে তিনি নগরীর নিজাম রোডে পৌঁছালে মোটর সাইকেল আরোহী ৩ জন দুর্বৃত্ত মাহমুদাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে তাকে ছুরিকাঘাত করে এবং গুলি করে পালিয়ে যায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাহমুদা ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও সিআইডির লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে অব্যবহৃত দুটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে সকালেই কর্মস্থল ঢাকা চট্টগ্রামে যান স্বামী বাবুল আক্তার।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা বলেন, বাবুল আক্তার জঙ্গিবিরোধী অনেক অভিযানে সক্রিয় ছিলেন। সেজন্য এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এরইমধ্যে কিছু তথ্যও পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছেন তারা।
এ ঘটনার পর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।