বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলায় জড়িত জেএমবি সদস্য কাউছার আলী (২৫) বুধবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদির জেএমবি) সদস্য মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় শিবগঞ্জ উপজেলার কোনো একটি স্থাপনায় হামলা চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল শিবগঞ্জ-পীরব সড়কের বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট-জামতলী ব্রীজের কাছে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে।
ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৩/৪ জন যুবক ব্যাগ হাতে ব্রীজের কাছাকাছি এলে পুলিশ তাদের থামতে বলে। এসময় ওই যুবকরা পুলিশকে লক্ষ্য করে ২/৪টি হাতবোমা নিক্ষেপ করে। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবি সদস্যরাও গুলি করতে করতে পালাতে থাকে।
একপর্যায়ে গোলাগুলি থেমে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ জেএমবি সদস্য কাউছারকে আটক করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, ৫টি হাতবোমা, ২টি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।
পরবর্তীতে পুলিশের নিকট সংরক্ষিত ছবি দেখে নিশ্চিত হয় যে নিহত যুবক জেএমবি সদস্য এবং সে শিয়া মসজিদে হামলায় সরাসরি জড়িত ছিল।
বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আবু রায়হান ও আলতাফ হোসেন হাতবোমার স্প্রিন্টারের আঘাতে আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুর বাসষ্ট্যান্ড এলাকায় শিয়া মসজিদে মাগরিব নামাজের সময় একদল বন্দুকধারী হামলা চালায়। এতে মসজিদের মুয়াজ্জিন নিহত এবং কমপক্ষে ২ জন গুলিবিদ্ধ হয়।