সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শুক্রবার মোজাফফর সানার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আড়াইটার দিকে মাগুরা বাজার থেকে জেঠুয়ার দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে থামতে বলা হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মোজাফফর আহত হন। দুজন সন্ত্রাসী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কমকর্তা আহত মোজাফফরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশের দাবি, মোজাফফর চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র আইন ও চাঁদাবাজির অভিযোগে ১৮টি মামলা রয়েছে।