গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৮টার দিকে হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে।
পরে মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করে। এতে, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে।
এক পর্যায়ে শ্রমিকরা জয়দেবপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
এ সময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক নেতারা।
আগামী ২০ রমজানের মধ্যে সকল গার্মেন্টস কারখানার শ্রমিকদের জুন মাসের বেতনসহ ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে সমমনা শ্রমিক সংগঠন। শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদানে গড়িমসি করলে তা মেনে নেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তারা।
মিথ্যা অভিযোগে শ্রমিকদের চাকুরিচ্যুতসহ তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।