জয়পুরহাটের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলার দুই আসামি মঙ্গলবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন: সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের মোহাম্মদ সোহেল রানা (৩৫) এবং কোঁচকুড়ি গ্রামের মুনির হোসেন (৩২)।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে সদর উপজেলার গোপালপুর-কোঁচকুড়ি সড়কে কিছু সন্ত্রাসী নিহত চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পুলিশ সদস্যরা কোঁচকুড়ি সড়কে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে দুজন গুলিবিদ্ধ হন।
সোহেল ইউপি চেয়ারম্যান এ কে আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল বলে জানান তিনি।
গত ৪ জুন ভাদসা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান একে আজাদকে কুপিয়ে ও গুলি করে আহত করে একদল সন্ত্রাসী। আহত চেয়ারম্যান গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।