ভারতের সীমান্তরক্ষী বাহিনীর -বিএসএফের গুলিতে আলমগীর হোসেন (৪০) নামের বাংলাদেশি এক রাখাল আহত হয়েছেন।
আলমগীরের বাড়ি সাতক্ষীরা সদরের আলীপুর মাঝেরপাড়া এলাকায়। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমগীর হোসেনের বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় তিনিসহ ১৬ জন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান। রোববার ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি সীমান্তের বিপরীতে ভারতের এক কিলোমিটার ভেতরে শিবতলা এলাকায় গরু আনতে যায়। সকালে ফেরার সময় বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। গুলিতে তিনি আহত হওয়ার পর সঙ্গীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান আলমগীরের ডান পাশের ঘাড়ের নিচে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর রহমান নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাতক্ষীরা ভোমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজুল গনি বলেন, তিনি খোঁজখবর নিয়ে বিষয়টি জানাবেন।