ঝিনাইদহের তেঁতুলবাড়িয়ায় শুক্রবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।
ওসি জানিয়েছেন, রাত আড়াইটার দিকে নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনা ঘটে। তেতুলবাড়ীয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। সংবাদের ভিত্তিতে টহল পুলিশ তেতুলবাড়ীয়া রাস্তা দিয়ে টহল দেয়ার সময় ওই গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে, দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এতে পুলিশের ২ সদস্য আহত হন। এক পর্যায়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
পরে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেসময় ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি ১টি সুটার গান, ২ রাউন্ড গুলি, ৬টি হাসুয়া ও ৫টি বোমা উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।