প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এর মধ্যেই ঈদ জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বছর জামাতে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে ১৮৯তম ঈদের জামাত। দেশের সবচেয়ে বড় ঈদের জামাতও হয় এ মাঠে। আর তাই ঈদকে সামনে রেখে মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি নিয়েছে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। এরই মধ্যে মাঠ পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
ঈদগাহে প্রবেশের একমাত্র ভাঙা সড়কটির মেরামতের কাজ করা হচ্ছে। সংস্কার করা হচ্ছে পাশের পুকুরটিও। ঈদগাহ সংলগ্ন নরসুন্দা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে পাকা সেতু।
এ ময়দানের ঈদের জামাত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছে র্যা ব ও পুলিশ।
ঈদের জামাতের মাঠটি আরো বড় করাসহ ঈদগাহর প্রবেশের সড়কটি মেরামতের দাবি এলাকাবাসীর।