শোলাকিয়ায় বোমা বিস্ফোরণের পর সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর গুলি বিনিময়ের সময় নিহত ঝর্ণা রানীর বাড়িতে চলছে শোকের মাতম। নিজের ঘরে গুলিতে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
এলাকাবাসীর মনেও প্রশ্ন, সাধারন মানুষের নিরাপত্তা কোথায়?
একদিন আগেও এই বাড়িটিতে ছিল হাসি-আনন্দ। ধর্ম আলাদা হলেও ঈদের দিনটিতে ওই বাড়িতে চলছিল সেমাই রান্নার প্রস্তুতি।
রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাথায় বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন ঝর্ণা রানী। মুহূর্তেই যেন সবকিছু পাল্টে যায়।
মায়ের এমন মৃত্যুতে ঈদের ছুটিতে বাড়ি যাওয়া ঝর্ণা রানীর বড়ছেলে বাসুদেব হতবিহ্বল। নিজের চোখকেও যেন বিশ্বাস করা যাচ্ছে না। একই অবস্থা পরিবারের সবার।
এমন মৃত্যু হতবাক করে দিয়েছে এলাকাবাসীকেও।
শুক্রবার শোলাকিয়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের সময় নিজের ঘরে মাথায় গুলি লেগে নিহত হন ঝর্ণা রানী।