কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানরে কাছে হামলার ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
এখনো সেখানে থমথমে পরিস্থিতি রয়েছে। পুরো এলাকায় রয়েছে র্যা ব ও পুলিশের টহল আর সন্দেহভাজনদের সন্ধানে তৎপর রয়েছে পুলিশ।
তারা জানিয়েছে, হামলার ঘটনায় ৪ জনকে আটকের দুই দিন পর ছেড়ে দেয়া হয়েছে। তবে, এ ঘটনায় এখনো গ্রেপ্তারকৃত দুইজনকে পুলিশ ও র্যা ব জিজ্ঞাসাবাদ করছে।
গতকাল পুলিশের মহা পরিদর্শক শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতরা নানা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।
তিনি বলেন, রাজধানীর গুলশানে যারা হামলা চালিয়েছে শোলাকিয়াতেও তারাই হামলা করেছে আর এ হামলাকারীরা জঙ্গিগোষ্ঠী জেএমবির সদস্য।
তিনি আরো বলেন, হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিলো ঈদের জামাতে মুসল্লিদের হত্যা করা।
আটক হামলাকারীদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য মিলেছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার ঈদের জামাতের ঘণ্টাখানেক আগে ঈদগাহর এক কিলোমিটারের মধ্যে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলি ও বোমায় দুই পুলিশ সদস্য নিহত হন। আর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় এক হামলাকারী ও গৃহবধূ ঝর্ণা রানী নিহত হন।