সাতক্ষীরায় রোববার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে অবৈধ মাদকদ্রব্য বেঁচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে এবং পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
এতে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।