দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এমন কোনো সিদ্ধান্তই সরকার নেবে না-জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার ঘটনার তদন্তে এরইমধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি, হামলার তদন্তে কারিগরি সহযোগিতার জন্য শুধু যুক্তরাষ্ট্রই নয়, প্রয়োজনে উন্নত অনেক দেশ থেকেই সরকার সহায়তা নেবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল।
এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন। এছাড়া ঈদের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে এক কিলোমিটারের মধ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ এক নারী নিহত হয়। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক হামলাকারী নিহত হয়েছে।