ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল মিয়া (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
আহত ২ জন হলেন: পুলিশ কনস্টেবল হান্নান ও বিকাশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সোয়া দুইটার দিকে একদল ডাকাত ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডাকাত সাইফুল নিহত হয় এবং আহত হন দুই পুলিশ কনস্টেবল।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাইনিজ কুড়াল, রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
এছাড়া আখাউড়া থানায় সাইফুলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ডাকাতির অভিযোগে ৫টি মামলা রয়েছে।