চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার বাস উল্টে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
নিহত হলেন : জুলফিকার আলী (৬২) ও অজ্ঞাত একজন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সকালে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রাপথে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়কবিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কমপক্ষে ১০ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জন আহত হয়েছেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন বলেন, বাসের ভেতরে আটকে পড়া ৩ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন এবং ২ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসচালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ দুর্ঘটনার মাত্র ১২ ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই ইউনিয়নের মগপুকুর এলাকায় একটি বাস উল্টে ১৪ জন আহত হন।