গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বাঘা জুয়েল নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত দেড়টার দিকে শহরের তিস্তার গেট এলাকায় মরকুন রেললাইনের কাছে একদল সশস্ত্র দুর্বৃত্ত অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও দুই পায়ে গুলি লাগায় পুলিশের হাতে ধরা পড়ে বাঘা জুয়েল।
তাকে আটক করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। জুয়েলের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।
নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, নারী নির্যাতন ও অস্ত্র আইনে কমপক্ষে ৮টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। এ ঘটনায় আহত ৩ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।