ফেনীর ফতেহপুরে রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি ট্রাক, এতে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে বৃহস্পতিবার সারাদেশের রেল ও সড়ক যোগাযোগ চালু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টায় ফতেহপুর রেলক্রসিং দিয়ে পণ্যবোঝাই একটি ট্রাক পার হচ্ছিল। এসময় মালবাহী একটি ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি রেলক্রসিংয়ের উপরে উল্টে পড়ে যায়, এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকা থেকে মহিপাল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। চট্টগ্রাম ও লাকসাম থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ চালানো হয়েছে।
এদিকে, সকাল ১০টা থেকে চট্টগ্রামমুখী ডাবল লাইনের একটিতে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ফেনী রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী একটি ট্রাক মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে এসে বিকল হয়ে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন ট্রাকটিকে জোরে ধাক্কা দিলে ইঞ্জিন উল্টে যায়।
তিনি আরো বলেন, উল্টে পড়া ইঞ্জিন উদ্ধারের জন্য চট্টগ্রাম ও লাকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থল এসে উদ্ধার কাজ পরিচালনা করে, এতে কেউ হতাহত হননি।
এ ঘটনার পর লাকসাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে চট্টগ্রামমুখী আটটি ও ঢাকামুখী দুটি ট্রেন আটকা পড়ে।