সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ভোলা জেলায় মাঠে নেমেছে আনসার ও ভিডিপির ৫২ হাজার সদস্য।
প্রতিদিন প্রচারাভিযান, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারি করছেন তারা।
জঙ্গি বিরোধী আনসার- ভিডিপির এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়োছেন ভোলার সাধারণ মানুষ।
সারাদেশের মতো দক্ষিণাঞ্চলের জেলা ভোলাতে ও সন্ত্রাস-জঙ্গি নিয়ে জনমনে রয়েছে উদ্বেগ ও আতংক। এ পরিস্থিতিতে জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা। এতে এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধিসহ স্বস্তি ফিরে এসেছে।
আনসার ও ভিডিপির সদস্যরা সন্ত্রাসবাদ-জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিদিন গ্রাম-গঞ্জ ও হাটবাজারে প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করছেন। এতে সাড়া নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এছাড়া এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানোর পাশাপাশি গণপরিবহনগুলোতে তল্লাশিও করছে আনসার-ভিডিপির সদস্যরা। জনগণকে সঙ্গে নিয়েই সব অপতৎপরতা মোকাবেলা সম্ভব বলে মনে করছেন আনসার ও ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্ট।