জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহীদের সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।
রোববার দুপুরে কক্সবাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি জঙ্গি সংশ্লিষ্টদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয়ে যারা এখনো কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি কিংবা যারা হত্যা-নাশকতার পর নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরতে চায়— সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করবে বলেও জানান আইজিপি।
জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এখনো রোহিঙ্গা সংশ্লিষ্টতা পাওয়া যায়নি— তবে, তারাও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে বলে জানান তিনি।
সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাকে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।