দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের অনেকেই দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় যশোরে সন্দেহভাজন নিখোঁজদের তালিকা করা হয়েছে।
পুলিশের নিখোঁজের তালিকাভুক্ত কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নার হদিস মিলেছে। সম্প্রতি বিয়ে করে নববধূ নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। তার বিরুদ্ধে আনা জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগও সত্যি নয় বলে দাবি তার।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে যশোর পুলিশ সম্প্রতি সন্দেহভাজন নিখোঁজদের যে তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার ছেলে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না।
তবে এরমধ্যেই বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে ঘরে ফিরেছেন মুন্না। মায়ের সঙ্গে অভিমান করে ২০১৪ সালে তিনি বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান বলে জানান তিনি। সেই সঙ্গে, তাকে নিয়ে পুলিশের সন্দেহও অমূলক বলে দাবি করেন মুন্না।
এদিকে, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জঙ্গি সংশ্লিষ্টতায় পাঁচজনের যে তালিকা প্রকাশিত হয়, তার মধ্যে দুইজনের পরিবার তাদের ছেলে জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলে নিশ্চিত করে। এদেরই একজন মুন্না।
তবে, জিডি করার বিষয়টি স্বীকার করলেও, ছেলের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে কোন কথা পুলিশকে বলেননি বলে জানান মুন্নার পরিবারের সদস্যরা।