বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন ও তার দল ঘরে বসে বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবেন না তিনি।
নোয়াখালীতে সেতুমন্ত্রী বলেন, বলেন খালেদা জিয়া ও তার দল বিএনপি ঘরে বসে বিবৃতি দেয়, প্রেস ব্রিফিং করে, বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে অভিযোগের সুরে ভাঙা রেকর্ড বাজাচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি সরকার নির্বিকার, সরকার নির্বিকার বলে নিজেরাই আজ নির্বিকার হয়ে ঘরে বসে আছে। আওয়ামী লীগ সরকার , শেখ হাসিনার সরকার বন্যা দুর্গতদের পাশে রয়েছে।
মন্ত্রী আজ নোয়াখালীর কবিরহাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্ল্যাহ খান সোহেল, উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বেলা ১১টার দিকে কবিরহাট জিরোপয়েন্টে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।
জঙ্গি দমনে সরকারের সাফল্য নিয়ে ইনু বলেন, খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদেরও বাঁচাতে পারবে না। জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃত খুনি।
বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য— যারা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা জঙ্গি দমনের সাফল্যকে আটকাতে চাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমানুষের সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইনু জাতীয় নির্বাচন সর্ম্পকে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তার দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হেরফের হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই হবে কেউতা আটকাতে পারবে না বলে জানান তিনি।