দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে শনিবার ভিমরুলের কামড়ে তিন শিশুকন্যাসহ এক মায়ের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-ইসলাম মিয়ার স্ত্রী তানজিনা বেগম (৩২), মেয়ে হাদিছা (৭), ফারজানা (৪) ও মিমি (৯ মাস)।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল বিকেল ৩টার দিকে শিশু তিনটি বাড়ির পাশের বাঁশঝাড়ের কাছে পাতা মাঁচায় তিন মেয়েকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তানজিনা। হঠাৎ বাতাসে বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ভিমরুলের একটি চাক ভেঙে যায়। এসময় এক ঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুলের কামড়ে তিনটি শিশু, তাদের মা এবং প্রতিবেশী রহিমা বেগম গুরুতর অসুস্থ হন।
এ অবস্থায় তাদের ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর ফারজানা মারা যায়। পরে রোববার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদিছারও মৃত্যু হয়।
এদিকে, অবস্থার অবনতি হওয়ায় তানজিনা ও মিমিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদেরও মৃত্যু হয়।