কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল আমিন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাঁতভাঙ্গা কোম্পানি সদর দপ্তরের কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোরে খেতারচর গ্রামের মোকছেদ আলীর ছেলে নুরুল আমিন আরও দুই সঙ্গিসহ ১০৫৪ আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে গেলে ভারতীয় দ্বীপচর সীমান্তের ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নুরুল আমিনের গলার বাম পাশে গুলি লাগে। এ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার তীব্র প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব সংবলিত একটি চিঠি বিএসএফের কুকুরমারা কোম্পানি সদর দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিটি গ্রহণ করলেও তারা এখন পর্যন্ত কোন জবাব দেয়নি বলেও জানান তিনি।